শ্রমিক নেতাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ

Sanchoy Biswas
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:০১ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় ঢাকার আশুলিয়ার বাইপাইল মোড়ে বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ও গার্মেন্টস শ্রমিকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি বাইপাইল মোড় এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুন: সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ৩০

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। এতে সংহতি বক্তব্য রাখেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মিজানুর রহমান, শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান, মনসুর আলী এবং মাছিহাতা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন মিয়াসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এর উদ্দেশ্য হলো শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং তাদের ন্যায্য ও আইনি অধিকার থেকে বঞ্চিত করা।

আরও পড়ুন: ঈদগাহ ও কবরস্থান উন্নয়নে বরাদ্দ প্রায় ৩ কোটি টাকা, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকল্প অনুমোদন

তারা আরও বলেন, এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে গার্মেন্টস খাতের বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা সামগ্রিক শিল্প খাতের জন্য ক্ষতিকর হতে পারে। তাই দ্রুত অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে শ্রমিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।