কাপাসিয়ায় তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলার’ আনুষ্ঠানিক উদ্বোধন

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ২:৪১ পূর্বাহ্ন, ০৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশের ন্যায় গাজীপুরের কাপাসিয়ায় তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু হয়েছে। ১৯ মে মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। এ সময় উপস্থিত সকলের অংশগ্রহণে পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুদ্দীন খান, সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা প্রমুখ। এছাড়া স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কাপাসিয়ায় নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

উল্লেখ্য, সারাদেশে একযোগে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। যেখানে নাগরিকরা তাৎক্ষণিক ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংগ্রহ ও মৌজা ম্যাপের মতো বিভিন্ন আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা ও পরামর্শ গ্রহণ করতে পারছেন।

মেলার মাধ্যমে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিকদের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। মেলায় নাগরিকরা সরাসরি ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান, ডিসিআর এবং মৌজাম্যাপ সংগ্রহ করার সুযোগ পাবেন।

সেবা গ্রহণের জন্য মেলা প্রাঙ্গণে হেল্পডেস্কের মাধ্যমে ভূমি-সম্পর্কিত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করা হয়। কোনো প্রকার জটিলতা ছাড়াই দ্রুত কীভাবে ডিজিটাল ভূমিসেবা (যেমন: ই-পর্চা) গ্রহণ করা যায়, মেলায় এসব বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রশিক্ষণ দেওয়া হয়। ভূমি সেবা মেলা সম্পর্কে বিস্তারিত আরও জানতে এবং মেলার কার্যক্রম থেকে নাগরিকরা কীভাবে উপকৃত হচ্ছেন তা দেখতে ভিডিও প্রদর্শন করা হয়।