কুলাউড়ায় ভূমি সেবা মেলার উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ১২:৪০ পূর্বাহ্ন, ০৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মো. শওকতুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম বলেন, একসময় ভূমি-সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হতো। কিন্তু বর্তমান সরকারের ডিজিটাল উদ্যোগে ভূমি সেবা এখন অনেক সহজ, স্বচ্ছ ও সময় সাশ্রয়ী হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন।

আরও পড়ুন: কাপাসিয়ায় জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা দুর্নীতি কমানোর পাশাপাশি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, বর্তমান সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।

আরও পড়ুন: কাপাসিয়ায় নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি ভূমি অফিস এলাকা প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সেবাগ্রহীতারা অংশ নেন।

সভা শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মেলায় স্থাপিত বিভিন্ন বুথ থেকে তাৎক্ষণিক ভূমি-সংক্রান্ত সেবা প্রদান করা হয়।