চট্টগ্রামে বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

Sanchoy Biswas
রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ১২:২০ পূর্বাহ্ন, ২২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ক্ষুদে ফুটবলারদের মুখর পদচারণায় বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বালক ও বালিকা দলের অংশগ্রহণে এই মাঠের লড়াই শুরু হয়। বিভাগীয় ফুটবল পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মো. নুরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। শরীর ও মনকে সতেজ রাখতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। একজন দক্ষ খেলোয়াড় তার ক্রীড়াশৈলী দিয়ে নিজেকে এবং নিজের দেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রাথমিক স্তরের এই টুর্নামেন্ট থেকেই আগামী দিনের বিশ্বমানের ফুটবলার তৈরি হবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: রামিছা হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন: দ্রুত ফাঁসির দাবি

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিনে আজ বালক ও বালিকা উভয় বিভাগে প্রথম রাউন্ডের মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে মাঠ কাঁপিয়েছে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, কক্সবাজার ও ফেনী জেলা দল। টুর্নামেন্টের ধারাবাহিকতায় আগামীকাল ২২ মে শুক্রবার সকালে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে বাকি পাঁচটি জেলা দল, যার মধ্যে রয়েছে চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা, বান্দরবান ও চাঁদপুর। এরপর আগামী ২৩ মে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল এবং একই দিন বিকেল ৩টা ৩০ মিনিটে কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সমাপনী এই অনুষ্ঠানেও সভাপতিত্ব করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন।