কুলাউড়ায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি ওমর ফারুককে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ন, ২৪ মে ২০২৬ | আপডেট: ১২:৫৪ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকালে শহরস্থ ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক গ্রাহক সমিতি কুলাউড়া শাখার সভাপতি জাকির সিদ্দিকী জামালের সভাপতিত্বে এবং এনামুল হক দেলওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, গ্রাহক লুৎফর রহমান কয়েছ, কাজী জসিম উদ্দিন, দলিল লেখক আক্কল আলী, এম এ জলিল, ডা. মবশির আলী, খলিলুর রহমান, সুহিন আহমদ প্রমুখ।

আরও পড়ুন: ফেনীতে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদকবিরোধী অভিযানে সক্রিয় অধিদপ্তর

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংকের অভ্যন্তরে একটি স্বার্থান্বেষী মহল ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ব্যাংকের পরিবেশ নষ্টকারী ও ক্ষমতালোভী হিসেবে উল্লেখ করে এএমডি কামাল উদ্দিন জসীমের অবিলম্বে বহিষ্কারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নয়ন করতে ব্যর্থ হওয়ায় চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ করা উচিত। পাশাপাশি ইসলামী ব্যাংকের ওপর গভর্নরের ‘অবৈধ হস্তক্ষেপ’ বন্ধ এবং এমডি ওমর ফারুক খানকে জোরপূর্বক অপসারণ না করার দাবি জানানো হয়।

আরও পড়ুন: মাদকের ভয়াবহ বিস্তার, সাভারের ওসি প্রত্যাহার

তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। এ প্রতিষ্ঠানের সুনাম ও স্থিতিশীলতা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ও ইসলামী ব্যাংকিং খাতকে সুরক্ষিত রাখতে মো. ওমর ফারুক খানকে পুনর্বহাল করার দাবি জানান বক্তারা। এ সময় বক্তারা এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবিও জানান।