ফেনীতে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদকবিরোধী অভিযানে সক্রিয় অধিদপ্তর

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ন, ২৬ মে ২০২৬ | আপডেট: ৯:২০ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম আরিফ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৬ মে) বিকেলে ফেনী পৌরসভার সুলতানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আরিফুল ইসলাম ফেনী পৌরসভার সুলতানপুর গ্রামের আলী এরশাদের ছেলে।

আরও পড়ুন: ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি জাহিদুল হাসান

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম সুলতানপুর উকিল বাড়ি সংলগ্ন রাসেদের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় বিধি মোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে আরিফুল ইসলামের দেহ তল্লাশি করা হয়। পরে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি নীল পলিপ্যাকেটে থাকা ৪০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে তাকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, “মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান নিয়মিত চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।”