জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের ধারায় দেশ এগিয়ে যাচ্ছে: ডা. বাচ্চু এমপি

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ৮:২২ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জাতীয়তাবাদের যে আদর্শিক ভিত্তি তৈরি করেছিলেন, সেই ধারাবাহিকতায় দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা, কর্মনিষ্ঠা ও জনগণমুখী রাজনীতির চেতনা অনুসরণ করেই বর্তমান রাজনৈতিক ধারা পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে শ্রীপুরের মিজানুর রহমান খান মহিলা কলেজ মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রীপুর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ভেজাল ঘি কারখানায় অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমপি বাচ্চু আরও বলেন, জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। তাই দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কোনো মাদকাসক্ত বা মাদক ব্যবসায়ী যেন দলের রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রীষ্মকালীন কৃষি উপকরণ বিতরণ ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক আহসান কবিরসহ বিএনপি, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।