ফেনীতে নিষিদ্ধ ওষুধ জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ৬:৪৬ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনী শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং বিক্রয়ের জন্য সংরক্ষিত ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখার দায়ে দুটি ওষুধের দোকানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ বিক্রয়-নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে ফেনী শহরের মিজান রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

আরও পড়ুন: সড়কের পাশে পড়েছিল বাক্সবন্দি নবজাতকের মরদেহ

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসির কাগজপত্র, ওষুধ সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় মেসার্স সাইফুল মেডিকেল হল-এ বৈধ ড্রাগ লাইসেন্স না থাকা এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে তাওহিদ ফার্মাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ চিকিৎসকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে। এসব ওষুধ বিক্রি বা বাণিজ্যিকভাবে বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ জব্দ করা হয়।

আরও পড়ুন: বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩ জন

অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, নিষিদ্ধ ওষুধ মজুত কিংবা ভোক্তা অধিকারবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, নিরাপদ ও আইনসম্মত ওষুধ বিক্রয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং ওষুধ-সংক্রান্ত বিধি-বিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে।