দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

তিনি বলেন, দুর্ঘটনার সময় বাস থেকে যাত্রী নামানো হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আরও পড়ুন: সাভারে কথা কাটাকাটির জেরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

এদিকে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন এবং ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন এলাকায় কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহন চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।