গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

Sanchoy Biswas
এ.এস.এম. রবিউল হাসান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১২:০১ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাকিব (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সাকিব পৌর শহরের মাগুরা গ্রামের এরশাদুল হক লিটনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে নিজ বাড়ির সামনে সাকিব ছুরিকাঘাতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পরামর্শ দিলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতের ঘটনার বিবরণ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ বগুড়ার মেডিকেলেই ছিল এবং থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এছাড়াও বগুড়ায় অবস্থান করায় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আরও পড়ুন: হরিরামপুরে স্কুল পড়ুয়া এক ছাত্রীর মরদেহ উদ্ধার

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।