সিলেটে বজ্রপাত ট্রাজেডি
হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল দুই ভাইসহ ৩ জেলের
দেশের বৃহত্তম হাকালুকি হাওরে বৈরী আবহাওয়ায় মাছ শিকারের সময় আকস্মিক বজ্রপাতে দুই ভাইসহ তিন জেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকায় লোমহর্ষক এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জনের প্রাণহানি
এ ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার দুই ছেলে হামিদ মিয়া (৪৫) ও কাবিল মিয়া (৩৯) এবং একই এলাকার রফিক মিয়ার ছেলে সাবির আলী (৪০)।
নিহত সাবির’র চাচাতো ভাই দেলোয়ার হোসেন বলেন, গ্রাম থেকে তারা নৌকা নিয়ে কুশিয়ারা নদী হয়ে প্রতিদিনের মতো হাকালুকি হাওরে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরে বিক্রি করা শেষে বাড়ি আসার পথে হাকালুকিতে বজ্রপাতের শিকার হন তারা। দুপুরে হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: কাপাসিয়ায় বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
ঘটনার পরপরই হামিদ মিয়া ও সাবির আলীর মরদেহ নৌকায় ভেসে আসলেও ধারণা করা হয় কাবিল মিয়া নৌকার গলুই থেকে হাওরের পানিতে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে নিখোঁজ কাবিলের লাশ কয়েক ঘণ্টার তল্লাশির পর উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, হাওরে বজ্রপাতে ৩ জন মারা যাওয়ার খবর পেয়েছি। নিহত তিনজনের মধ্যে দু’জনের মরদেহ পাওয়া গেলেও বাকি একজনের লাশ কয়েক ঘণ্টা অভিযানের পর উদ্ধার করা হয়েছে।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কামালপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্না আর প্রতিবেশীদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা।





