পটুয়াখালীতে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৭:৩৫ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলার কলাপাড়া থানাধীন নীলগঞ্জ ইউনিয়নের ঘোটাবাছা এলাকার কুয়াকাটা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে ৬০০ (ছয়শ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান হাওলাদার (৩২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নুরুজ্জামান কলাপাড়া থানার বাসিন্দা।

রোববার (২১ জুন) পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল নিয়মিত মাদকবিরোধী অভিযানে বের হয়। গতকাল শনিবার (২০ জুন) সকাল পৌনে ৯টার দিকে ডিবি পুলিশের একটি টিম নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঘোটাবাছা এলাকায় মহাসড়কের ওপর এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই (নিঃ) মো. বাদল ফকিরসহ ডিবির একটি বিশেষ টিম পুলিশ সুপারকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে সকাল আনুমানিক ৯:০৫ মিনিটে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নুরুজ্জামান হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-২৫, তারিখ: ২০-০৬-২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতারকৃত নুরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।