ফেনীতে র‍্যাবের পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা, ৯৪ বোতল বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ৩

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ৭:১৩ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর ফুলগাজী ও সদর উপজেলায় র‍্যাব-৭ পরিচালিত পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা, ৯৪ বোতল বিদেশি হুইস্কি এবং ১১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‍্যাব। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ও রাতে দুটি স্থানে অভিযান চালানো হয়। এর মধ্যে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের কালিরহাট বাজারে বিসমিল্লাহ এসএস গ্যালারির সামনে নজরদারির সময় উত্তর পৈথরা গ্রামের বাসিন্দা মনির আহমদ (৪৩) র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। র‍্যাবের দাবি, তার কাছে থাকা দুটি কার্টন থেকে ৯৪ বোতল বিদেশি হুইস্কি এবং ব্যক্তিগত তল্লাশিতে দুটি প্যাকেট থেকে ১১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা দায়ের করেছে। পরে মনির আহমদকে থানায় হস্তান্তর করা হয়।

একই দিন সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাতেহপুর স্টারলাইন ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ১৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরুন নাহার (৫০) ও তাসলিমা আক্তার (৩৫)। র‍্যাবের ভাষ্য, উদ্ধার হওয়া গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় ফেনী মডেল থানায় আরেকটি মামলা দায়েরের পর দুই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালী বিএনপিকে আলতাফ হোসেন চৌধুরীর বার্তা: গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হোন

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।"