যত্রতত্র ময়লা না ফেলার প্রতিজ্ঞা সবার হওয়া উচিত: সিডিএ চেয়ারম্যান

Sanchoy Biswas
রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন, ০৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন এবং একে পরিচ্ছন্ন রাখতে সবার আগে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি বলেন, "বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষের এই শহর আমাদের সবার। শহরকে পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের নিজেদের মন-মানসিকতার পরিবর্তন করতে হবে।"

বৃহস্পতিবার নগরীর চেরাগী পাহাড় এলাকায় পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)-এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান এসব কথা বলেন।

আরও পড়ুন: ফেনী চেম্বার নির্বাচনে বিজয়ী সাব্বির-জুয়েলকে সংবর্ধনা

সিডিএ চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেন, নগরীর খাল ও ড্রেনগুলো নিয়মিত সংস্কার করার পরও একটি শ্রেণির মানুষ নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে যত্রতত্র ফেলছে। ফলে ড্রেন ও খালগুলো আবার ভরাট হয়ে যাচ্ছে। বিশেষ করে পলিথিন ও বর্জ্য ফেলার ক্ষেত্রে আমাদের পুরোনো অভ্যাস বদলাতে হবে। 'আমরা পলিথিন ও ময়লা যেখানে-সেখানে ফেলব না'—এই প্রতিজ্ঞা আমাদের সবাইকে করতে হবে।

চট্টগ্রামকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে তিনি বলেন, এই শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখার দায়িত্ব আমাদের সকলের।

আরও পড়ুন: কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)-এর এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক হাসান মুকুল ও সদস্যসচিব ইমরান এমি। এছাড়া আরও উপস্থিত ছিলেন পিআরইউ সদস্য ও চ্যানেল নাইনের সিনিয়র রিপোর্টার নূর উদ্দিন খান সাগর, সংবাদ সারাবেলা ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম তৌহিদ, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মাজেদুল ইসলাম, ঢাকা জার্নাল ব্যুরো প্রধান রাকিব উদ্দিন, প্রিয় চট্টগ্রামের রিপোর্টার জাহেদ কায়সার এবং চেরাগী নিউজের রিপোর্টার জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।