লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু, আহত ইউপি সদস্য

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ১:০৬ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় ভয়াবহ পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। পৃথক ঘটনায় পাহাড়ধসে আহত হয়েছেন এক নারী ইউপি সদস্য।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিহতরা হলেন মো. ইউনুছ (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) ও তাদের চার বছরের ছেলে মো. সোলেমান। এছাড়া জুয়েল (২৭) ও তার স্ত্রী কুলসুমা আক্তার (২৩) নিহত হয়েছেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জয়পুরহাটে বেকারদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ

স্থানীয় সূত্র জানায়, গত রোববার থেকে টানা ভারী বৃষ্টিপাতের কারণে এলাকায় পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হঠাৎ পাহাড় ধসে মো. ইউনুছ ও জুয়েলের বসতঘরের ওপর মাটি চাপা পড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান।

উদ্ধারের আগেই দুই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়।

এদিকে একই রাতে দেড়টার দিকে আজিজনগর ইউনিয়নের উত্তরপাড়ায় সংরক্ষিত নারী ইউপি সদস্য রেহানা বেগমের বাড়ির ওপরও পাহাড় ধসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলার মা মনি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। গত চার দিন ধরে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছিল। তবে অনেকেই সতর্কবার্তা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছিলেন। নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।