বন্যার্তদের পাশে এমপি মিলন, এক মাসের বেতন দানের ঘোষণা

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। তাঁর এই উদ্যোগের পর গাজীপুরের অন্যান্য সংসদ সদস্য এবং জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও বন্যার্তদের সহায়তায় অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (১২ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দৈনিক বাংলা বাজারে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সেই দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

সভায় এ কে এম ফজলুল হক মিলন বন্যাকবলিত মানুষের জরুরি ত্রাণ ও পুনর্বাসনের জন্য নিজের এক মাসের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন। তাঁর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের ঘোষণা দেন।

সভায় আরও জানানো হয়, গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের সব সংসদ সদস্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ জেলা প্রশাসকের মাধ্যমে বন্যা তহবিলে জমা দেবেন। পাশাপাশি জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারী তাঁদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করবেন।

আরও পড়ুন: নাজিরপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চিতলমারী একাদশ

আগামী তিন কর্মদিবসের মধ্যে অর্থ সংগ্রহ করে দ্রুততম সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানো হবে বলে সভায় জানানো হয়।