আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে ফেনীতে ১১ দলের র‍্যালি

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৫৪ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফেনীতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরের মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। র‍্যালিটি ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক হয়ে জহিরিয়া মসজিদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন: সাংবাদিক গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন

সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির আবু ইউসুফ, বিডিপির জেলা সভাপতি মোহাম্মদ ইসমাইল, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, জাগপার সভাপতি সাইফুদ্দিন, জামায়াতের জেলা প্রচার সম্পাদক আ. ন. ম. আবদুর রহীম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ এবং ফেনী শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, রংপুরে আবু সাঈদ এবং ফেনীর মহিপালে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিজাম-শুসেনসহ সংশ্লিষ্ট সব অভিযুক্তের বিচার দাবি করেন। একই সঙ্গে মহিপালের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের নিরাপত্তা এবং তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, “দেশের ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে যে গণভোট দিয়েছে, তা বাস্তবায়ন করুন। আমরা দ্রুত জুলাই সনদের বাস্তবায়ন চাই।”