সোনাগাজীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ফেনী জেলা জামায়াতের আমীর
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের খোঁজখবর নিতে আজ শনিবার (১৮ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান।
সরেজমিনে গিয়ে তিনি গত বৃহস্পতিবার রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি, ক্ষয়ক্ষতি ও প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
আরও পড়ুন: নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত আবু আইয়ুবের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন মুফতি আবদুল হান্নান। এ সময় তিনি বলেন, দুর্যোগ ও বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক, সামাজিক ও ইসলামী দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় মঙ্গলকান্দি ইউনিয়ন জামায়াতের আমীর মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির ১৩ নেতাকর্মী বহিষ্কারের ‘বিজ্ঞপ্তি’ ভুয়া
স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি পর্যায় থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।





