চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।
আরও পড়ুন: হরিরামপুরে স্কুল পড়ুয়া এক ছাত্রীর মরদেহ উদ্ধার
পুলিশ জানায়, সকালে হাসিনা বেগম একটি লোহার মই বেয়ে বাড়ির ছাদে উঠছিলেন। ধারণা করা হচ্ছে, মইটি আগে থেকেই বিদ্যুৎস্পৃষ্ট ছিল। ছাদে ওঠার সময় তিনি বিদ্যুতায়িত হলে তাকে উদ্ধার করতে এগিয়ে যান ভাতিজি আশা খাতুন ও তার মেয়ে মিম আক্তার। এ সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





