কুলাউড়ায় গ্রীষ্মকালীন কৃষি উপকরণ বিতরণ ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রীষ্মকালীন মৌসুমের ফসলের বীজ-চারার প্রণোদনা বিতরণ এবং কৃষক কার্ড বাস্তবায়নে কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রান্তিক কৃষকদের উপস্থিতিতে বিনামূল্যে বীজ, সার, ফসলের চারাসহ কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি এবং রাউৎগাঁও ইউনিয়নে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
আরও পড়ুন: দৈনিক বাংলা বাজারে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সেই দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক জিয়ার সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ায় ইতোমধ্যে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, কৃষকরাই দেশের প্রাণ। কৃষকদের প্রণোদনা দিয়ে উৎসাহিত করার উদ্দেশ্য হলো দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। তিনি আশা প্রকাশ করেন, কৃষকরা সরকারের এ উদ্দেশ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
আরও পড়ুন: নাজিরপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চিতলমারী একাদশ
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুবেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কৃষি কমিটির এমপির মনোনীত সদস্য আলমগীর হোসেন ভূঁইয়া ও মো. সালামত খান, কৃষক দলের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী এবং সাংবাদিক ময়নুল হক পবন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, এ কর্মসূচির আওতায় সরকারের সুবিধাপ্রাপ্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





