স্বেচ্ছাশ্রমে জনদুর্ভোগ লাঘব, সুনামগঞ্জে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:৫৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের চলাচল-দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পচা কচুরিপানা, কাদামাটি ও আবর্জনায় ভরে যাওয়া গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করায় স্থানীয়দের প্রশংসায় ভাসছেন তারা।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় তাহিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার তত্ত্বাবধানে বাদাঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মল্লিকপুর গ্রামসংলগ্ন ফিরোজপুর–মাহাতাবপুর–মল্লিকপুর হাওর এলাকার একমাত্র সংযোগ সড়কে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন দলনেতা শাহ আলী এবং আনসার কমান্ডার হযরত আলী।

আরও পড়ুন: টং দোকানে এইচএসসির উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ, এক বস্তা খাতা জব্দ

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি পচা কচুরিপানা, দুর্গন্ধযুক্ত কাদামাটি ও বিভিন্ন আবর্জনায় ঢেকে থাকায় শিক্ষার্থী, কৃষক, নারী, শিশু এবং সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগে পড়ে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়।

এ অবস্থায় আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়ক থেকে কচুরিপানা, কাদামাটি ও আবর্জনা অপসারণ করে চলাচলের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনেন। ফলে এলাকাবাসীর দৈনন্দিন যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে।

আরও পড়ুন: নান্দাইলের সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ইউনিয়ন দলনেতা শাহ আলী বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, জনসেবামূলক কর্মকাণ্ডেও সবসময় মানুষের পাশে রয়েছে। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি কোনো বরাদ্দের অপেক্ষা না করে আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যে জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়। তাদের এ মানবিক উদ্যোগে বহু মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।

স্থানীয়দের মতে, জনসেবা ও সামাজিক দায়বদ্ধতার এ ধরনের উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সাধারণ মানুষের আরও আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করছে।