দালাল দিয়ে দাপ্তরিক কাজ: গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

Sanchoy Biswas
গাজী মামুন, গাজীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:১৩ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কাজে চরম অবহেলা, অদক্ষতা এবং বহিরাগত লোক (দালাল) দিয়ে সরকারি দাপ্তরিক কাজ করানোর অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া ওই কার্যালয়টি আকস্মিক পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিকভাবে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন— কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান এবং তিন অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।

আরও পড়ুন: গাজীপুর সদর উপজেলায় জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি খারিজের অভিযোগ, মামলা বিচারাধীন

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ উঠছিল। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মো. নূরুল করিম ভূঁইয়া বিভিন্ন ভূমি অফিস আকস্মিকভাবে পরিদর্শন শুরু করেন। এরই অংশ হিসেবে সোমবার সকালে তিনি কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে যান।

সেখানে গিয়ে জেলা প্রশাসক দেখতে পান, অফিসের মূল কর্মকর্তা-কর্মচারীরা নিজেরা কাজ না করে বাইরের লোক ও দালালদের দিয়ে সরকারি ফাইলপত্র ও দাপ্তরিক কাজ করাচ্ছেন। এর পাশাপাশি সেবাগ্রহীতাদের সেবা না দিয়ে ঘুরানো এবং দায়িত্ব পালনে চরম অবহেলার প্রাথমিক প্রমাণ পান তিনি।

আরও পড়ুন: কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী

অভিযোগের সত্যতা হাতেনাতে পাওয়ায় তিনি ওই অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।