নব্য জেএমবি সদস্য আরিফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৩৫ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে গ্রেফতার নব্য জেএমবির সদস্য মোহাম্মদ আরিফকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে সাভার মডেল থানা থেকে আরিফকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার নিয়োগ

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিটিটিসির সদস্যরা হেমায়েতপুর এলাকা থেকে আরিফকে গ্রেফতার করেন। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে কয়েকটি বোমা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

পরে আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন সন্ধ্যায় হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে ককটেল, বেশ কয়েকটি বোমা এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। মামলায় মোহাম্মদ আরিফসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, আসামিরা হলেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ফেকামারা এলাকার মো. হানিফের ছেলে মোহাম্মদ আরিফ ওরফে ইমরান (২৬), সাভারের শ্যামপুর এলাকার মৃত ইসমাইলের ছেলে মো. নাজমুল হাসান মামুন (৩২), পাবনার সুজানগর থানার দুর্গাপুর এলাকার মো. আমিন উদ্দিন খানের ছেলে মো. আক্কাস আলী (৩০), আশুলিয়ার দিয়াখালী এলাকার কামাল হোসেন ডাক্তার (৪৫), রাখী (৩০) ও রাকিব (৩০)।

মামলার এজাহারে পুলিশ দাবি করেছে, আসামিরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবির সদস্য। নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যসহ তারা সাভার এলাকায় জড়ো হয়েছিলেন।

এজাহারে আরও বলা হয়েছে, নব্য জেএমবির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আসামিরা জননিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব বিপন্ন করা, আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যার চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

কোর্ট পুলিশের সাভার জিআরও শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু বকর সিদ্দিক বলেন, মোহাম্মদ আরিফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গ্রেফতার আরিফকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তথ্য উদ্ঘাটনের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছিল। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন।