সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

Sanchoy Biswas
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:২১ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার সাভারের জোরপুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) একটি ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের জোরপুল এলাকায় মহাসড়কের আরিচামুখী লেনে এ মিছিল হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলের কোনো সত্যতা পায়নি বলে জানিয়েছে।

আরও পড়ুন: চিকিৎসকদের ওপর হামলা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত: ডা. রফিকূল ইসলাম

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর ১টার দিকে সুন্দরী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে তিনটি বাস থামে। বাসগুলো থেকে কয়েকজন ব্যক্তি নামার পর তাঁদের মধ্য থেকে কয়েকজন মিছিল শুরু করেন। মিছিলে প্রায় ২০ থেকে ৩০ জন অংশ নেন বলে দাবি তাঁদের। এ সময় কয়েকজনের হাতে লাঠিসোঁটা ছিল বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

তাঁরা আরও জানান, মিছিলটি মহাসড়কের আরিচামুখী লেন দিয়ে প্রায় ৫০০ মিটার এগিয়ে যাওয়ার পর অংশগ্রহণকারীরা দৌড়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।

আরও পড়ুন: হবিগঞ্জে নতুন গ্যালারি নির্মাণের আশ্বাস, প্রথম ধাপে স্পোর্টস ভিলেজ হচ্ছে: প্রতিমন্ত্রী আমিনুল হক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি ব্যানার নিয়ে দলীয় স্লোগান দিচ্ছেন। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে, হিসেব রাখো ক্যালেন্ডারে, খেলা হবে ডিসেম্বরে। প্রত্যাবর্তন ২.০।’

ব্যানারের নিচে ‘মাজহারুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক, সাভার ইউনিয়ন আওয়ামী লীগ’ লেখা রয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, যে জায়গাটিতে মিছিল হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেখানে গিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে মিছিলের অভিযোগের সত্যতা না পাওয়ার কথা বলা হলেও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।