বাউবির এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৬৩ দশমিক ৭৪
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৬ এ গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে বাউবিতে।
এ সময় বাউবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ এসএসসি পরীক্ষার ফলাফল গেজেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নিকট হস্তান্তর করেন এবং উপাচার্য আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুন: জয়পুরহাটে বেকারদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ হাজার ২৪ জন। এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৬৬৪ জন। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৪ হাজার ৭২৫ জন এবং ছাত্রী ২ হাজার ৯৩৯ জন।
ফলাফল ঘোষণাকালে উপাচার্য বলেন, ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে মূলধারার শিক্ষার বাইরে থাকা মানুষের জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ সৃষ্টি করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টি নকলমুক্ত, সুষ্ঠু ও আধুনিক পরীক্ষাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষা ও ফলাফল প্রকাশ প্রক্রিয়াকে দ্রুততর ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে, মাত্র ৪৯ কার্যদিবসে প্রকাশ করা সম্ভব হয়েছে, যা ফলাফল প্রকাশে বিলম্বের পূর্ববর্তী ধারণা থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
আরও পড়ুন: ফটিকছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তিনি কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘যারা এবার উত্তীর্ণ হতে পারেনি তাদের হতাশ না হয়ে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষাজীবন অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন, কিউআর কোডযুক্ত পরিচয়পত্র, ছবিযুক্ত প্রবেশপত্র এবং আগামী পরীক্ষায় ই-অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, এসএসসি পরীক্ষা-২০২৬ ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি বাউবির ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচারিত হয়েছে। এছাড়া এ ফলাফল result.bou.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।





