উলিপুরে সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহীর মতবিনিময় সভা
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী বলেছেন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সমাজের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে একটি বৈষম্যহীন ও আধুনিক উলিপুর গঠনে জোরালো ভূমিকা রাখতে হবে।
শনিবার স্থানীয় গুণীজন সেন্টারে উলিপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: চাইনিজ ব্যবসায়ীর কোটি টাকা চুরি
মতবিনিময় সভায় উলিপুরের সার্বিক উন্নয়নচিত্র, নদীভাঙন প্রতিরোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়ন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। সংসদ সদস্য ধৈর্যসহকারে সাংবাদিকদের কথা শোনেন এবং উলিপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পর্যায়ক্রমে সব সমস্যার কার্যকর সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক গণমাধ্যমকর্মীগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উলিপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সংবাদকর্মীরা। মতবিনিময় শেষে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: যুব ও ক্রীড়া সচিবের উপস্থিতিতে ‘শান্তির জন্য মার্শাল আর্টস’ সেমিনার





