হেফাজতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ঐতিহাসিক ডি.আই.টি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জের নতুন কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়াল (দা.বা.)।
আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল আউয়াল বলেন, হেফাজতে ইসলাম একটি ইসলামী সংগঠন। দীর্ঘদিন নারায়ণগঞ্জে কমিটি না থাকায় সাংগঠনিকভাবে কিছু ত্রুটি ছিল। কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে থানা ও ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, “যারা ইসলামের বিপক্ষে এবং দেশের বিরুদ্ধে কাজ করবে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব এবং দাঁতভাঙা জবাব দেব।”
আরও পড়ুন: স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপ্পড়, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হেফাজতে ইসলামের অনেক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন এবং অনেকে শাহাদাতবরণ করেছেন।
জামায়াতে ইসলামীকে হেফাজতের কমিটিতে না নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আল্লামা আব্দুল আউয়াল বলেন, “দেওবন্দের ফতোয়া অনুযায়ী আমরা জামায়াতে ইসলামীকে ইসলামী দল হিসেবে গ্রহণ করিনি। যেদিন তারা ইসলামী দলে রূপান্তর হবে, সেদিন তাদের আমাদের দলে গ্রহণ করা হবে।”
মোনাজাতের মাধ্যমে তিনি তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগর সাধারন সম্পাদক বশির উল্লাহ। তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
বশির উল্লাহ বলেন, “হেফাজতে ইসলাম ছিল, আছে এবং থাকবে।” তিনি আরও বলেন, অতীতে যারা দাপটের সঙ্গে দেশ পরিচালনা করেছে, তাদের অনেকেই পালাতে বাধ্য হয়েছে। তবে তাদের দোসররা এখনও রয়েছে দাবি করে তিনি তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
তিনি জানান, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ৬১ জেলায় হেফাজতে ইসলামের কমিটি সম্পন্ন হয়েছে। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা আবদুল তাহের ও মাওলানা মাহমুদুল হাসান।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন মো. বদরুল আলম সিলেটি।
নারায়ণগঞ্জ জেলা কমিটিতে ১৪৫ জনের নাম ঘোষণা করা হয়। এর আগে গত ২৬ আগস্ট ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত যৌথ সভায় আরও ৬ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। জেলা কমিটিতে সভাপতি করা হয়েছে মাওলানা আবদুল আউয়ালকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মুফতি বশির উল্লাহকে।
অন্যদিকে, নারায়ণগঞ্জ মহানগর কমিটিতে ১৫১ জনের নাম ঘোষণা করেন মহানগর শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান। মহানগর কমিটিতে সভাপতি করা হয়েছে মুফতি জাকির হোসাইন কাসেমীকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মাওলানা আব্দুর রহমানকে।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নেতাকর্মী, আলেম-ওলামা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা রিয়াজুল ইসলাম।





