জয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪

Shahrier Islam Pallab
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৮ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে যৌথ বিশেষ অভিযান চালিয়ে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি। এ সময় মূর্তি পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহলদল ও এসআরবির সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

জয়পুরহাট ব্যাটালিয়ন ( ২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারি জানায়, স্থানীয় সোর্সের মাধ্যমে খবর পাওয়া যায়, আক্কেলপুরের বিভিন্ন পাচারকারী চক্রের কাছে ভারতের পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরের মূর্তি মজুত করা হয়েছে। এর ভিত্তিতে বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। প্রথমে কষ্টিপাথরসহ শ্রী মুকুল চন্দ্র মণ্ডল ও মো. কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. হামিদুর রহমান ও মো. জাকির হোসেনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আক্কেলপুর উপজেলার আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মো. মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের শ্রী সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)।  বিজিবির দাবি, আটক ব্যক্তিরা কষ্টিপাথর পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

উদ্ধার করা মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। এর আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধার করা মূর্তিসহ আটক চারজনকে আক্কেলপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।