কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযান: নারীসহ তিনজনের ৬ মাসের কারাদণ্ড
নেত্রকোণার কেন্দুয়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এক নারীসহ তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ইয়াবা সেবন ও বিক্রি এবং গাঁজা সেবনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে সাজেদা (৪০) ও কিরণ (২৩) নামের দুজনকে আটক করা হয়। সাজেদা ওই গ্রামের বাসিন্দা এবং কিরণের বাড়ি জুড়াইল গ্রামে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা পৃথক মামলায় তাঁদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: শেরপুরে ডিসি গোল্ড কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় চৌমুরিয়া গ্রামের মো. হৃদয় (২৩) নামের এক ব্যক্তিকে গাঁজা সেবনের উপকরণসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকেও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযানগুলোতে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী। এ সময় কেন্দুয়া থানা-পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।





