ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:৪২ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুনে পুরো রিসোর্টটি পুড়ে গেছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা রয়েছে। অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর সেখানে উদ্ধার অভিযান শুরু হয়।

আরও পড়ুন: তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ক্ষতি ৫০ লাখ টাকা

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আগুনের মধ্য থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক। তবে তাঁদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ায় তাঁদের বিষয়ে খোঁজ নেওয়াও তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুন: লালমনিরহাটে আগাম শীতের আমেজ, সবজি চাষে ব্যস্ত কৃষক

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন কেন ঘটনাস্থল ত্যাগ করেছেন, সে বিষয়টিও স্পষ্ট নয়। উদ্ধার অভিযান চলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।