তদন্ত কমিটি গঠন

ইনানীর টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:০১ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার সকালে রিসোর্টটিতে আগুন লাগার পর উদ্ধার অভিযান চালিয়ে বেলা ১টা পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: লক্ষ্মীপুর জেলায় ৭১০ কোটি টাকার সুপারি, দিনে শ্রমিকের আয় আড়াই হাজার

পুলিশের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় টুপটুপ রিসোর্টে ১৮ জন পর্যটক অবস্থান করছিলেন। নিখোঁজ কেউ রয়েছেন কি না, তা নিশ্চিত হতে অনুসন্ধান চলছে। ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রিসোর্টটির অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। এ ছাড়া গত জুন মাসে অগ্নিনিরাপত্তাব্যবস্থা উন্নত করার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

স্থানীয় সংবাদকর্মী শামিমুল ইসলাম ফয়সালের ভাষ্য অনুযায়ী, ভোরে রিসোর্টটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর শুরু হয় উদ্ধার তৎপরতা। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেয়। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।