ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে, পঙ্গু হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ন, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ৪:০২ অপরাহ্ন, ১৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের  দিনে বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগীর চাপ বেড়েছে কয়েকগুণ। বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation (NITOR)-এর জরুরি বিভাগে দেখা গেছে উপচে পড়া ভিড়।

হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু থেকে বয়স্ক—সব বয়সী মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে আসছেন। এদের অধিকাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। কারো হাত ভেঙেছে, কারো পা, আবার কেউ ছোটখাটো আঘাত নিয়েও জরুরি বিভাগে ভিড় করছেন।

আরও পড়ুন: এপ্রিল মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ জন এবং আহত ১২৬৮ জন: যাত্রী কল্যাণ সমিতি

জরুরি বিভাগের এক নার্স জানান, অন্যান্য দিনের তুলনায় আজ রোগীর সংখ্যা অনেক বেশি। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অন্তত ১৫১ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

নরসিংদী থেকে আসা এইচএসসি পরীক্ষার্থী জুবায়ের (১৮) মোটরসাইকেল দুর্ঘটনায় ডান পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বজনরা জানান, ঘুরতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

অন্যদিকে, ২৫ বছর বয়সী রাকিব রাজধানীর ইসিবি চত্বরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে বাম হাত ভেঙে হাসপাতালে আসেন। তিনি অভিযোগ করেন, দুর্ঘটনার জন্য সিএনজি চালক দায়ী হলেও ক্ষতির শিকার হয়েছেন তিনি নিজেই।

১০ শয্যার জরুরি বিভাগে রোগীর চাপ এতটাই বেশি ছিল যে অনেককে ট্রলিতে রেখেই চিকিৎসা দিতে হয়েছে। সেখানে তিনজন চিকিৎসক, ৭-৮ জন নার্স ও সহায়ক কর্মীরা নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছিলেন। জরুরি অপারেশনের জন্য কয়েকজন রোগীকে অপেক্ষায় থাকতে দেখা যায়।

নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান জানান, ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় প্রতিবছরই রোগীর চাপ বাড়ে। তিনি বলেন, গত বছর তিন চাকার যানবাহনের দুর্ঘটনা বেশি থাকলেও এবার মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি হচ্ছে।

তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় প্রতি শিফটে ১৮ জন করে চিকিৎসক দায়িত্ব পালন করছেন এবং প্রয়োজনে অতিরিক্ত জনবল প্রস্তুত রাখা হয়েছে।