নর্দ্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ২৭ মে ২০২৬ | আপডেট: ২:৫৮ অপরাহ্ন, ২৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দুর্ঘটনার পর ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী যাত্রীরা। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ভেঙে বিপরীত লেনে উঠে যায়। পরে বাসটি উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসকে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন: রাজধানীতে ভূমিকম্প অনুভূত

নিহতরা হলেন— লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জোমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) এবং মো. রবিউল (২২)। তাদের বাড়ি বাগেরহাটের মোংলা ও পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বাড্ডা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ইসলাম পরিবহনের বাসচালক ও হেল্পার পালিয়ে যান।

আরও পড়ুন: ফরিদপুরে একই পরিবারের ৪ জন এবং টাঙ্গাইলে তিন বন্ধু মিলে সড়কে ঝরল অন্তত ৮ প্রাণ

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন গণমাধ্যমকে জানান, নতুন বাজারের নর্দ্দা এলাকায় সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। ইসলাম পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারায় এবং ডিভাইডারের ওপর উঠে বিপরীত লেনে থাকা আকাশ পরিবহনের বাসে ধাক্কা দেয়।

তিনি বলেন, “আকাশ পরিবহনের বাসে যাত্রী বেশি ছিল। সংঘর্ষের পর বাসটি অনেক দূরে সরে যায়। ঘটনাস্থলেই এক নারী যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও তিনজন মারা যান।”

আহতদের মধ্যে কয়েকজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

এসআই নেসার উদ্দিন আরও বলেন, যাত্রীদের অভিযোগ অনুযায়ী, ইসলাম পরিবহনের বাসটি পটুয়াখালী থেকেই বেপরোয়া গতিতে চলছিল এবং চালক পুরো পথে অসতর্ক আচরণ করছিলেন।