১২তম বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ শুরু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৫ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের ১২তম আসর আজ (১০ ডিসেম্বর) ঢাকায় শুরু হয়েছে। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনী বিভাগের সদর দপ্তরে এ সংলাপ অনুষ্ঠিত হবে। ২০১২ সাল থেকে নিয়মিতভাবে দুই দেশের মধ্যে এ প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়ে আসছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধি দল সংলাপে অংশ নিচ্ছে। প্রতিরক্ষা সংলাপকে দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি সহযোগিতা, আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ ব্যবস্থাপনা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ বিনিময়, সামরিক পরিদর্শন, যৌথ অনুশীলন, মহড়া ও কর্মশালাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এ সংলাপে।

আরও পড়ুন: এসবি প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ে ব্যাপক রদবদল

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনী বিভাগ (এসএফডি)-এর অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ডসহ বিভিন্ন সরকারি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা সংলাপে অংশ নিচ্ছেন। দুই দেশের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করাই এ সংলাপের মূল লক্ষ্য।

আরও পড়ুন: র‍্যাবের নতুন মহাপরিচালক ডিআইজি আহসান হাবীব পলাশ

সংলাপের মাধ্যমে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।