মাধবপুরে ২ কোটি টাকার ভারতীয় চিংড়ির রেনু জব্দ, খোয়াই নদীতে অবমুক্ত

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ন, ১৩ মে ২০২৬ | আপডেট: ৩:০৪ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব রেনু পোনা পরবর্তীতে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। সকাল আনুমানিক ৭টার দিকে সন্দেহভাজন দুটি হাইস মাইক্রোবাস ও একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা সেগুলোকে থামিয়ে তল্লাশি চালান।

আরও পড়ুন: বান্দরবানে বন্যাদুর্গত ১২২ পরিবারকে উদ্ধার করেছে বিজিবি

তল্লাশিকালে গাড়িগুলোর ভেতরে ককসিটের কার্টনের মধ্যে অত্যন্ত অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনু পোনা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রেনু পোনাগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল। বিজিবি জানায়, এসব রেনু পোনার সপক্ষে কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত রেনু পোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা।

আরও পড়ুন: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন, নৈতিক ব্যাংকিংয়ের আহ্বান

পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এবং মৎস্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, আজ দুপুরে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত রেনু পোনাগুলো খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে চোরাইপথে আনা এসব পণ্য দেশের অর্থনীতি, পরিবেশ ও স্থানীয় মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। চোরাচালান দমন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।