জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা, এড়িয়ে চলবেন যেসব রাস্তা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:০৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, শাহবাগের ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে এসব এলাকায় ব্যাপক লোকসমাগমের সম্ভাবনা রয়েছে। তাই যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডিএমপির ৭ সহকারী কমিশনারকে বদলি

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বামে মোড় নিয়ে হেয়ার রোড অথবা মিন্টো রোড ব্যবহার করতে হবে। এছাড়া গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবনের দিক থেকে শাহবাগে যেতে হলে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সায়েন্সল্যাব এলাকা থেকে শাহবাগমুখী যানবাহনকে মিরপুর রোড–নিউ মার্কেট–আজিমপুর–চাঁনখারপুল–বকশীবাজার হয়ে অথবা বাটা ও কাটাবন ক্রসিং ব্যবহার করে হাতিরপুল কিংবা নীলক্ষেত-পলাশী হয়ে গন্তব্যে যাওয়ার নির্দেশনা দিয়েছে ডিএমপি।

আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করল আনসার-ভিডিপি, প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত রাখার অঙ্গীকার

মানিক মিয়া অ্যাভিনিউ ও শেরেবাংলা নগর এলাকায় চলাচলের ক্ষেত্রেও একাধিক বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। মিরপুর রোড থেকে ফার্মগেট বা সোনারগাঁওগামী যানবাহনকে গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে চলাচল করতে হবে। একইভাবে ইন্দিরা রোড, ধানমন্ডি-২৭, আসাদগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্যও পৃথক বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

রাজধানীবাসীর ভোগান্তি কমাতে এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে ডিএমপির নির্দেশনা অনুযায়ী বিকল্প পথে চলাচলের আহ্বান জানিয়েছে পুলিশ।