আশুলিয়ায় নতুন মজুরিকে যৌক্তিক বললেন এমপি বাবু
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণাকে যৌক্তিক উল্লেখ করে স্বাগত জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। একই সঙ্গে শ্রমিকদের মজুরি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকার আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী বাসস্ট্যান্ডে নতুন ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে এবং বর্তমান সরকারের ১০ মাসে শ্রমিকদের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: গাজীপুরে সহিংসতা আহত-১০,৫ কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ৮৫ কারখানা
সংসদ সদস্য বলেন, আলোচনার ভিত্তিতে অল্প সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তে সবাই আনন্দিত এবং ঘোষিত মজুরি যৌক্তিক বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ২০১৮ সালের আগে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৮ হাজার টাকা। ২০২৩ সালে তা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এবার তিন বছরের ব্যবধানে আরও ৪ হাজার টাকা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
আগের তুলনায় কম সময়ে মজুরি বৃদ্ধির বিষয়টি শ্রমিকদের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।
তবে নতুন মজুরি বাস্তবায়নে কারখানার মালিকদের সক্ষমতার বিষয়টিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে সালাউদ্দিন বাবু বলেন, বড় কারখানার পাশাপাশি ছোট কারখানাগুলোরও বাড়তি মজুরি পরিশোধে চাপ তৈরি হবে। মালিকদের সক্ষমতা থাকলে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে শ্রমিকদেরও সহযোগিতামূলক মনোভাব রাখার আহ্বান জানান তিনি।
শ্রমিকদের মজুরি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, একটি মহল শ্রমিকদের ৩০ থেকে ৩২ হাজার টাকা মজুরির দাবি তুলে আন্দোলনে উসকানি দেওয়ার চেষ্টা করছে। কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তা খুঁজে বের করা হয়েছে বলেও দাবি করেন তিনি।তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সংসদ সদস্য।
সভায় বক্তারা শ্রমিকদের আবাসনের জন্য কলোনি নির্মাণ, রেশনিং ব্যবস্থা চালু, সুচিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ, শিল্পাঞ্চলে খেলার মাঠ প্রতিষ্ঠা এবং বন্ধ কারখানা চালু করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে নতুন ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানান তারা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. গফুর মিয়া। সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন মো. মাসুদ রানা সুলতান। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।





