ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও পার্কিং নির্দেশনা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৩১ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরী পাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট) এবং আসাদগেট (১ নম্বর গেট) খোলা থাকবে।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

তবে যানজট এড়াতে মনিপুরী পাড়া গেট ব্যবহার না করে বকুলতলা গেট ও আসাদগেট দিয়ে সংসদ ভবনের অভ্যন্তরে প্রবেশ করার জন্য অতিথিদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমন্ত্রণপত্রের সঙ্গে দেওয়া গাড়ির স্টিকার—পদ্মা, মেঘনা, যমুনা, শাপলা, বকুল, শিউলি ও শিমুল—অনুযায়ী নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে। এর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা ও শাপলা স্টিকারযুক্ত গাড়িগুলো সংসদ ভবনের অভ্যন্তরে বিভিন্ন স্থানে পার্কিং করা যাবে। আর বকুল, শিমুল ও শিউলি স্টিকারযুক্ত গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে পুরাতন বাণিজ্য মেলা মাঠে।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার

এছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যানবাহনগুলোকে মানিক মিয়া এভিনিউয়ের মূল সড়কে সিঙ্গেল লাইনে পার্কিং করতে বলা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আমন্ত্রিত অতিথিরা টানেল রোডে গাড়ি থেকে নেমে সংসদ ভবনে প্রবেশ করবেন। এ সময় দ্রুত গাড়ি থেকে নামার জন্য অনুরোধ করা হয়েছে এবং চালক বা সঙ্গী ব্যক্তিদের গাড়ি থেকে না নামার আহ্বান জানানো হয়েছে।

প্রবেশ গেট ও পার্কিং স্থলে দায়িত্বপ্রাপ্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সকল সংশ্লিষ্টকে অনুরোধ জানানো হয়েছে।