কক্সবাজারকে নিজের ঘর মনে হয় মিমের

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:২০ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অবসর কাটাতে তারকাদের পছন্দের জায়গাগুলোর মধ্যে অন্যতম কক্সবাজার। সমুদ্রের ঢেউ আর বালুকাবেলার সৌন্দর্য উপভোগ করতে প্রায়ই সেখানে ছুটে যান শোবিজ অঙ্গনের পরিচিত মুখেরা। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও। কক্সবাজারের প্রতি তার টান যেন একটু বেশিই। জায়গাটিকে নিজের ঘরের সঙ্গে তুলনা করেছেন এই অভিনেত্রী। 

শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কক্সবাজার থেকে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন মিম। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, সেখানকার কোনো একটি রিসোর্টে অবকাশ যাপন করছেন তিনি। 

আরও পড়ুন: টরন্টো চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য সেরা অভিনেত্রী জাইনীন

ছবিতে মিমের পরনে ছিল অফ-হোয়াইট রঙের ঢিলেঢালা কুর্তি ও হালকা হলুদ রঙের ফুলেল নকশার পায়জামা। তার পোশাকে ছিল স্বাচ্ছন্দ্য আর অবকাশের আমেজ। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘যেখানে (কক্সবাজার) গেলে মনে হয়, ঘরেই আছি।’ 

মিমের এই কথায় স্পষ্ট, কক্সবাজার তার কাছে শুধু বেড়ানোর জায়গা নয়; বরং স্বস্তি ও প্রশান্তি খুঁজে পাওয়ারও একটি ঠিকানা। নিজের ঘরের মতোই যেখানে নির্ভার সময় কাটাতে পারেন তিনি।

আরও পড়ুন: অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

ছবিগুলো প্রকাশের পর ভক্তদের কাছ থেকেও বেশ সাড়া পেয়েছেন অভিনেত্রী। চার ঘণ্টার মধ্যে পোস্টে সাড়ে চার হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে, পাশাপাশি মন্তব্যও আসে শতাধিক। কেউ মিমকে নিজের অন্যতম প্রিয় অভিনেত্রী বলে উল্লেখ করেছেন, কেউ প্রশংসা করেছেন তার স্বাভাবিক সাজের। আবার কয়েকজন জানতে চেয়েছেন, তিনি কোন হোটেল বা রিসোর্টে অবস্থান করছেন।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন মিম। সম্প্রতি আলভী আহমেদ পরিচালিত ‘জীবন অপেরা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন শরিফুল রাজ। তবে সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।