রাজধানীর অধিকাংশ পাম্পে তেল সংকট, দীর্ঘ লাইনে ভোগান্তি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ৪:১৪ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকায় জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কারণে অধিকাংশ ফিলিং স্টেশনে তীব্র সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও পাম্প বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, অনেক পাম্পে ‘তেল নেই’ লেখা নোটিস ঝুলছে। জ্বালানির আশায় চালকরা এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মিলছে না তেল।

আরও পড়ুন: ঈদ শেষে ঢাকামুখী মানুষের ফিরতি ঢল, স্বস্তিতে যাত্রা

তবে সীমিত পরিসরে যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। এতে অফিসগামী মানুষসহ জরুরি কাজে বের হওয়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পাম্পমালিকদের দাবি, ঈদের ছুটিতে টানা দুই দিন ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, বিকেলের মধ্যে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

আরও পড়ুন: ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি

এর আগে, রোববার রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে এক পোস্টে জানায়, নিরাপত্তাহীনতা ও জ্বালানি ঘাটতির কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।