হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের তথ্য অনুযায়ী, সীমান্ত বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

নিহতের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তার বাবা সদরুল আমিন। সীমান্ত হাজারীবাগের মনেশ্বর রোডে একটি বাসায় সাবলেট হিসেবে বসবাস করতেন।

নিহতের চাচা রুহুল আমিন জানান, সীমান্ত ওই বাসায় সাবলেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তার রুমমেট জানিয়েছেন, গত রাত নয়টার পর থেকে সীমান্ত নিজের কক্ষের দরজা বন্ধ করে রেখেছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে মালিক দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার

চাচা আরও জানান, অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ আসছিল। এর ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কেন এমন করলেন, তা পরিবারের কাছে অজানা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে এবং বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।