আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজধানীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর থেকে তরিকুল ইসলাম পাপন (২৮) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
নিহত তরিকুল ইসলাম পাপন বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি রাজধানীর শ্যামপুর এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম শফিকুল ইসলাম মাসুদ।
পথচারী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন পথচারী। পরে ইমন আহমেদসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার
হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার শরীরে একাধিক ছুরিকাঘাত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
উদ্ধারকারী পথচারীদের ধারণা, তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত করছে।





