৯ মাস পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি
দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে কাজে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর প্রায় নয় মাস অভিনয়ের বাইরে ছিলেন তিনি। অবশেষে ‘অংশীদার’ নামের নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি।
নাটকটির গল্পে উঠে এসেছে নারীর উত্তরাধিকার, পারিবারিক সম্পত্তিতে ন্যায্য অধিকার এবং সামাজিক প্রতিকূলতার চিত্র। নির্মাতা জানান, সমাজের কিছু পরিবারে কন্যাসন্তান হওয়ার কারণে মেয়েদের নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার হতে হয়। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করার অপচেষ্টা এবং আত্মীয়স্বজনের লোভ ও অন্যায়ের বাস্তবতা তুলে ধরা হয়েছে এতে।
আরও পড়ুন: মুক্তি পাচ্ছে সাবিনা ইয়াসমিন এর নতুন গান
নাটকের গল্পে দেখা যাবে, বাবার মৃত্যুর পর দুই বোন পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ এবং আত্মীয়স্বজনের অন্যায়ের মুখোমুখি হয়। তবে সব প্রতিকূলতা উপেক্ষা করে শেষ পর্যন্ত নিজেদের ন্যায্য অধিকার আদায়ে সাহসিকতার সঙ্গে লড়াইয়ে নামে তারা।
নাটকটি প্রসঙ্গে পরিচালক ইকসান রনি বলেন, ‘অংশীদার আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। এই নাটকের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরতে চেয়েছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।’
আরও পড়ুন: তিন বছরের প্রেমে ইতি টানলেন সাইফপুত্র
প্রযোজক কাজী সাইফুল ইসলাম রাজীব বলেন, ‘আমরা সবসময় বিনোদনের পাশাপাশি সমাজসচেতনতামূলক গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চাই। অংশীদার তেমনই একটি উদ্যোগ। আশা করি, নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। পাশাপাশি নারীর অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।’
নাটকটিতে তানিয়া বৃষ্টি ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ, পংকজ মজুমদারসহ আরও অনেকে। এর সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল।
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। টেলিভিশনে প্রচারের পর ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও মুক্তি দেওয়া হবে এটি।





