ডিএসসিসিতে বিশেষ সভা

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কমিটি, ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় সমন্বয়ের সিদ্ধান্ত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ৬:২৭ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় করণীয় নির্ধারণে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) নগর ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সভায় বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলভিত্তিক বৃক্ষরোপণের জন্য একটি বিস্তারিত মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়ন করবে।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

সভাপতির বক্তব্যে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, "নগরীকে সবুজ ও পরিবেশবান্ধব করতে আমরা বদ্ধপরিকর।"

সভায় জানানো হয়, পরিবেশ সংরক্ষণে ডিএসসিসির ‘জিরো সয়েল’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে নগরীর বিভিন্ন সড়কের মিডিয়ানে প্রায় ১৮ হাজার গাছ রোপণ করা হয়েছে। এছাড়া গত ১৬ জুন ডিএসসিসি এলাকায় একযোগে ৬০০টি চারা রোপণের মাধ্যমে চলতি বছরের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার

এদিকে, নগরীর দুর্যোগ ব্যবস্থাপনা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সম্ভাব্য ভূমিকম্প মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মধ্যে কার্যকর ও সুসংহত সমন্বয় জোরদারের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।