মেট্রোরেলের সব স্টেশনে আসছে নতুন পরিবর্তন
মেট্রোরেল স্টেশনে যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে বিমানবন্দরের আদলে আধুনিক তল্লাশিব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ ব্যবস্থায় স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের ব্যাগ ও মালামাল স্ক্যান করার পাশাপাশি শরীরে বহন করা ধাতব বস্তু শনাক্ত করা হবে। রোববার (২৫ অক্টোবর) ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, নতুন ব্যবস্থায় যাত্রীদের তল্লাশির জন্য আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার ব্যবহার করা হবে।
প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের লক্ষ্যে গত ১৯ অক্টোবর অনলাইনে দরপত্র আহ্বান করেছে ডিএমটিসিএল। সংস্থাটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান এ দরপত্র আহ্বান করেন। দরপত্র বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দিতে বলা হয়েছে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা পোর্টালে পাওয়া যাবে।
আরও পড়ুন: ১৩৫টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত, যাত্রী ২০ হাজারের বেশি
নতুন নিরাপত্তাব্যবস্থা চালু হলে স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য মালামাল স্ক্যান করা সম্ভব হবে। একই সঙ্গে আর্চওয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে শরীরে বহন করা ধাতব বস্তু শনাক্ত করা যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, এতে নিরাপত্তা তল্লাশির সক্ষমতা বাড়বে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে। তবে কতটি যন্ত্র কেনা হবে, প্রথম পর্যায়ে কোন কোন স্টেশনে সেগুলো স্থাপন করা হবে এবং কবে থেকে যাত্রীদের নিয়মিত তল্লাশি শুরু হবে, তা এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি।
এদিকে, একই দরপত্র বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর ডিপোতে স্থাপিত বৈদ্যুতিক ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির বিষয়টিও রয়েছে। এর আওতায় লো-ভোল্টেজ (এলভি) ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচলব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের রক্ষণাবেক্ষণ করা হবে।
আরও পড়ুন: ঢাকার অটোরিকশা-ই-বাইকে নতুন নিয়ম
দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরপত্রের নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে।





