জরুরি দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি

ঢাবির দুই ছাত্রী হলে জলাবদ্ধতা নিরসন, শিক্ষার্থীদের জীবনযাত্রা স্বাভাবিক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ৬:২৩ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের সমন্বিত উদ্যোগে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এলাকায় জমে থাকা পানি অপসারণ করা হয়েছে। বর্তমানে দুটি হলেই বিদ্যুৎ সংযোগ, সুপেয় পানির সরবরাহ এবং শিক্ষার্থীদের সার্বিক জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, যে পরামর্শ দিলেন ট্রাফিক পুলিশের

এদিকে ভবিষ্যতে যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে, রোববার (১২ জুলাই) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), সংশ্লিষ্ট হলের প্রভোস্ট এবং প্রক্টোরিয়াল টিমের সদস্যরা।

আরও পড়ুন: ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ৩১ জুলাই থেকে ‘হৃদয়ে ঢাকা’ উৎসব

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববার সকাল থেকেই জলাবদ্ধতা দূরীকরণ, বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ওয়াসা, ডিপিডিসি, সিটি কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর যৌথভাবে কাজ শুরু করে। তাদের সমন্বিত প্রচেষ্টায় রাতের মধ্যেই দুটি হলের জলাবদ্ধতা দূর করা, বিদ্যুৎ সংযোগ সচল করা এবং নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়।

এছাড়া হল প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত মোমবাতি, মিনারেল ওয়াটার ও মশার কয়েল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আবাসিক শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের যেকোনো সংকট মোকাবিলা ও সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় এবং হল প্রশাসন সর্বদা তাদের পাশে থাকবে।