কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ২০২৬ সালের ফল সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এম. এম. শরীফুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং মধুমতি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আরিফ হাসান খান।
আরও পড়ুন: স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ঢাবি
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এম. এম. শরীফুল করিম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়। এর পাশাপাশি জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি ও বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত জীবনেও নিজেদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার বলেন, এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম কর্মজীবী ও উচ্চশিক্ষায় আগ্রহী ব্যক্তিদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, আধুনিক ব্যবসায়িক পরিবেশে আর্থিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অত্যন্ত প্রয়োজনীয়। এ ধরনের উচ্চশিক্ষা শিক্ষার্থীদের কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মধুমতি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আরিফ হাসান খান বলেন, বর্তমান ব্যাংকিং ও করপোরেট জগতে দক্ষ, প্রযুক্তিনির্ভর এবং পেশাগতভাবে যোগ্য গ্র্যাজুয়েটদের চাহিদা ক্রমাগত বাড়ছে। তাই বাস্তবমুখী জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে হবে।
সভাপতির বক্তব্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক বলেন, শিক্ষার্থীদের শুধু ডিগ্রি প্রদান নয়, বরং পরিবর্তনশীল জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ, যোগ্য ও আত্মবিশ্বাসী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে ব্যবসায় শিক্ষা অনুষদ প্রতিশ্রুতিবদ্ধ। কর্মজীবী ব্যক্তিদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ক্লাস শুক্রবার পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে। আগামী দেড় বছর শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সময় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতিবৃন্দ, প্রোগ্রাম পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথি ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।





