মোহাম্মদপুর-শ্যামলীতে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন করা হলো অবৈধ চার্জিংয়ের বৈদ্যুতিক সংযোগ
রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর ও শিয়া মসজিদ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল বন্ধ এবং যানজট নিরসনে অভিযান চালানো হয়েছে। অভিযানে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদের পাশাপাশি অবৈধভাবে ব্যাটারি চার্জের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনার সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে। প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার যানজট এবং ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ করেন। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ববি হাজ্জাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অভিযানের সময় বিভিন্ন সড়ক ও এলাকায় চলাচলরত ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ব্যাটারি চার্জের কাজে ব্যবহৃত স্থাপনার সরঞ্জাম অপসারণ এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আরও পড়ুন: বর্জ্যের বিনিময়ে নিত্যপণ্য, পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি-বিদ্যানন্দের উদ্যোগ
ববি হাজ্জাজ বলেন, টাউন হল সভায় নাগরিকদের উত্থাপিত সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা-১৩ আসনের মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনগণের সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে।
প্রতিমন্ত্রীর দপ্তরের দাবি, অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।





