জিরো পয়েন্ট-বঙ্গভবন এলাকায় ডিএসসিসির অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা
রাজধানীর জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের স্বর্ণ গলি এলাকায় অবৈধ দখল, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, ট্রেড লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সে ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও পানি সরবরাহের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজের নির্দেশ
অভিযানকালে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা এবং ডিএসসিসির ট্রেড লাইসেন্সবিহীন বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে তিন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ ও সেবা গ্রহীতাদের জন্য খাদ্য ও পানি সরবরাহের দায়ে একজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: ধানমন্ডিতে দুই প্রাইভেটকার চালকের মারামারি, আটক ২
অভিযানে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় একটি হোটেলে সরবরাহ করা পানির মান ডিএসসিসির আধুনিক পরীক্ষাগারে পরীক্ষা করার জন্য নির্দেশনাও দেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্ট এলাকার সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট, স্থাপনা এবং অবৈধভাবে রাখা যানবাহন অপসারণ করা হয়। এতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





