শিক্ষিকা রনজিনা পারভীন হত্যা: মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, রনজিনার ছিনতাইকৃত মালামাল এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
ডিবি কর্মকর্তা জানান, রাজধানীর একটি এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
রিকশা থেকে পড়ে প্রাণ হারান শিক্ষিকা
আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার
গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশায় করে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন রনজিনা পারভীন। মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে হ্যাচকা টান দিলে তিনি রিকশা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন তিনি। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে গত ৩০ আগস্ট রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করা হয়।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।





